নৌকার প্রচারণায় অংশ নেওয়ায় টেকনাফ বিএনপির থেকে জিয়া ও জাফর বহিষ্কার

Parliament election
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ ডিসেম্বর ২০২৩ ০৮:০৯ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ ডিসেম্বর ২০২৩ ০৮:০৯ পূর্বাহ্ন
নৌকার প্রচারণায় অংশ নেওয়ায় টেকনাফ বিএনপির থেকে জিয়া ও জাফর বহিষ্কার
___প্রতীকী ছবি

কক্সবাজার-৩ (সদর রামু-ঈদগাঁও) এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় দুই নেতাকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা বিএনপি। 

গতকাল জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক হাসান সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন টেকনাফ উপজেলা বিএনপির সদস্য ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান এবং রামু উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাফর আলম। নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত কক্সবাজার-৩ আসনের প্রার্থী সাইমুম সরওয়ার ও কক্সবাজার-৪ আসনের প্রার্থী শাহীন আক্তারের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের সঙ্গে আঁতাত করে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে সরাসরি অংশ গ্রহণ করেছেন জিয়াউর রহমান ও মো. জাফর আলম। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিএনপির সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে তাঁদের বহিষ্কার করা হয়।

জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক হাসান সিদ্দিকী বলেন, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

উল্লেখ্য, বিগত ২০ ডিসেম্বর কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী মো. শরীফ বাদশার লাঙ্গল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়।