প্রধানমন্ত্রী

রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন

Tarique Rahman
নিজস্ব প্রতিনিধি:- ২০ অক্টোবর ২০২৬ ০৬:৫২ অপরাহ্ন জাতীয়
নিজস্ব প্রতিনিধি:- ২০ অক্টোবর ২০২৬ ০৬:৫২ অপরাহ্ন
রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি - কাবিল হোসেন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভা শেষে তিনি এই মন্দিরে যান।

প্রধানমন্ত্রী ধর্মসভা মন্দিরে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্ত-পুণ্যার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পরে সেখানে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন সরকারপ্রধান। মতবিনিময় শেষে মন্দির প্রাঙ্গণে একটি গাছের চারা রোপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

এছাড়াও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।