ব্র্যাক ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়েশা আবেদ টি-টেন আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

On the occasion of BRAC University's 25th anniversary
নিজস্ব প্রতিনিধি:- ১৬ অক্টোবর ২০২৬ ০৮:৫২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ১৬ অক্টোবর ২০২৬ ০৮:৫২ অপরাহ্ন
ব্র্যাক ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়েশা আবেদ টি-টেন আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী আয়েশা আবেদ টি-টেন আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী আয়েশা আবেদ টি-টেন আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে টুর্নামেন্টটি আয়োজন করা হয়। বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ শেষ হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় দেশের ১২টি বিশ্ববিদ্যালয়।


টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারে, সে জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর বিভিন্ন ক্রীড়া আয়োজনের সুযোগ থাকা উচিত বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ জানান তিনি।



উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আরিফুল ইসলাম বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি ক্রীড়া অবকাঠামো আরও উন্নত করতে কাজ করছে।


এই টুর্নামেন্টটি ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সহধর্মিণী ও ব্র্যাকের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক আয়েশা আবেদের নামে নামকরণ করা হয়েছে।  দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে, বিশেষ করে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্র্যাকের শুরুর দিনগুলোতে তিনি প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করা, তাদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং জীবিকার সুযোগ তৈরিতে কাজ করেছেন। তাঁর মৃত্যুর পর গড়ে ওঠে আয়েশা আবেদ ফাউন্ডেশন, যা গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।



এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ) এবং এসডিজি-৫ (জেন্ডার সমতা) অর্জনে গুরুত্ব দেওয়া হয়েছে। এই আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং খেলাধুলায় নারীদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে ভূমিকা রেখেছে।

ব্র্যাক ইউনিভার্সিটি ছাড়াও টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দলগুলো হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), উত্তরা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।



প্রতিযোগিতার শিরোপা জিতেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফাইনালে তারা ১২১ রানে হারিয়েছে উত্তরা ইউনিভার্সিটিকে। পাঁচ ম্যাচে চারটি সেঞ্চুরি করা ড্যাফোডিলের নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শায়লা সুমাইয়া সৃষ্টি ম্যাচ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন। ফাইনাল ম্যাচে ২৭ বলে ১১৪ রান করেন তিনি। দুটি হ্যাটট্রিক করা একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী পূজা রাণী সরকার হন টুর্নামেন্টের সেরা বোলার। চ্যাম্পিয়ন হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পেয়েছে ১ লাখ টাকা। রানারআপ উত্তরা ইউনিভার্সিটি পেয়েছে ৫০ হাজার টাকা।


ফাইনাল শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং স্টুডেন্ট লাইফের হেড তাহসিনা রহমান।