সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হলো

Ban on Sajek travel lifted
অনলাইন ডেস্ক ১৫ অক্টোবর ২০২৬ ১০:০৫ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৫ অক্টোবর ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটনকেন্দ্র  খুলে দেওয়া হলো
--সংগৃহীত ছবি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১১ অক্টোবর ০৫৪২.. নম্বরে জরুরি গণবিজ্ঞপ্তিতে জারি করা নির্দেশনা পরিবর্তনক্রমে সাজেক ভ্যালির সকল পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণে উন্মুক্ত করা হল।’

এর আগে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবকে সামনে রেখে আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত ঘোষণা করে সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি।

এতে বলা হয়, ‘সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ডাকা সাজেক পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি আগামীকাল ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।’ 

সাজেক কার্বারী এসোসিয়েশন সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবু ধন চাকমার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘আগামীকাল থেকে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাজেক মাচলং বাজারেও এই উৎসব পালন করা হবে। তাই সাজেক মাচলং বাজার পূজা উদযাপন কমিটির অনুরোধে এবং এই ধর্মীয় উৎসবকে যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে দুই সংগঠনের ডাকা সড়ক অবরোধ ১৬ অক্টোবর হতে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত স্থগিত করা হয়েছে।’


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দুই সংগঠনের এই অবরোধ কর্মসূচি কোনো দলের প্রভাবে পালন করা হচ্ছে না কিংবা কোন জাতি, ধর্ম, বর্ণ মানুষের বিরুদ্ধেও নয়। এই কর্মসূচি সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে ডাকা হয়েছে। সুতরাং প্রশাসন সাজেকবাসীর দাবি পূরণ না করলে দুর্গোৎসবের পর পুনরায় এই কর্মসূচি পালন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যথা সময়ে কর্মসূচি বিষয়ে জানিয়ে দেওয়া হবে।


বিবৃতিতে অতি দ্রুত দুই সংগঠন ও সাজেকবাসীর তিন দফা দাবি বাস্তবায়ন করে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।


এর আগে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক সড়কে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ শুরু করে সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। অবরোধের কারণে খাগড়াছড়ির দীঘিনালার জোড়াব্রিজ সাজেক ভ্যালি ও তার আশেপাশের অভ্যন্তরীণ সড়কগুলোতে সকাল থেকে কোনো যানবাহন চলতে দেখা যায়নি।