পোপ লিওর ফুসফুসে সফল অস্ত্রোপচার

Pope Leo undergoes successful lung surgery
অনলাইন ডেস্ক ১৪ অক্টোবর ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ১৪ অক্টোবর ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন
পোপ লিওর ফুসফুসে সফল অস্ত্রোপচার
--সংগৃহীত ছবি

ফুসফুসে ক্যানসার ধরা পড়ার পর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে পোপ চতুর্দশ লিওর। মঙ্গলবার (১৩ অক্টোবর) রোমের জেমেলি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়।

 

ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে।


ভ্যাটিকান জানিয়েছে, মঙ্গলবার একটি অস্ত্রোপচারের মাধ্যমে পোপের ডান ফুসফুস থেকে ক্যানসার আক্রান্ত একটি অংশ সফলভাবে অপসারণ করা হয়।


অস্ত্রোপচারের পর তিনি ‘স্বাভাবিকভাবেই ঘুম ভেঙে জেগে ওঠেন।’

ভ্যাটিকানের একটি সূত্র জানায়, ক্যানসার শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কিনা, তা নিশ্চিত করতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।


ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়েছে, ‘অস্ত্রোপচারটি সফল হয়েছে এবং এতে কোনো ধরনের জটিলতা দেখা দেয়নি।’ পূর্ববর্তী পরীক্ষা-নিরীক্ষার সন্দেহ অনুযায়ী এই অস্ত্রোপচারের মাধ্যমে ফুসফুসের ক্যানসারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


সম্পূর্ণ নিরাময় নিশ্চিত করতে চিকিৎসকরা ডান ফুসফুসের নিচের অংশটি অপসারণ করেছেন।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে মঙ্গলবার হাসিমুখেই হাত নেড়ে শুভানুধ্যায়ীদের অভিবাদন জানান পোপ লিও। অস্ত্রোপচারের পর তিনি রাতের খাবার খেতেও চেয়েছিলেন বলে জানিয়েছে ভ্যাটিকানের একটি সূত্র।


রোমের জেমেলি হাসপাতালের ১০ তলার নিজ কক্ষে পোপকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছে ভ্যাটিকান। আগামী ২০ অক্টোবর পর্যন্ত তার সব সাক্ষাৎ বাতিল করা হয়েছে। এই অস্ত্রোপচারের ফলে আগামী মাসে পোপের নির্ধারিত দীর্ঘ লাতিন আমেরিকা সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।


গত বছরের ৮ মে ক্যাথলিক চার্চের সর্বোচ্চ প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ৭১ বছর বয়সি পোপ লিওর এটিই প্রথম হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা। গত রোববার সেন্ট পিটার্স স্কোয়ারে অ্যাঞ্জেলাস প্রার্থনার সময় আকস্মিক এক ঘোষণায় পোপ জানান, চিকিৎসকরা তার শরীরে খুব প্রাথমিক পর্যায়ে একটি টিউমার শনাক্ত করেছেন।


পোপের স্বাস্থ্য নিয়ে অতীতে ভ্যাটিকান চরম গোপনীয়তা রক্ষা করলেও তার পূর্বসূরি পোপ ফ্রান্সিসের আমল থেকে ভ্যাটিকান এই বিষয়ে বেশ স্বচ্ছতা বজায় রাখতে শুরু করেছে।