স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি ॥ ‘মব’ ও ভূমিদখলের বিরুদ্ধেও কঠোর বার্তা ভূমি মন্ত্রীর

Mizanur Rahman Minu
আবুল কালাম আজাদ, রাজশাহী: ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪৫ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ, রাজশাহী: ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪৫ অপরাহ্ন
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি ॥ ‘মব’ ও ভূমিদখলের বিরুদ্ধেও কঠোর বার্তা ভূমি মন্ত্রীর
চেয়ারপারসনের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি - বিজয় বাংলা

স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি পদে বিএনপির পক্ষ থেকে একজন করে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। 

দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও স্থানীয় পর্যায়ে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিনু এসব কথা বলেন।

রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন -

ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিনু বলেন, বিএনপি বড় দল হওয়ায় বিভিন্ন পদে দলের একাধিক নেতা নির্বাচন করতে আগ্রহী। তবে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী স্থানীয়ভাবে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে একজন প্রার্থী চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, সিটি করপোরেশনের মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদেও একজন করে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। দলীয় ঐক্য বজায় রেখেই প্রার্থী নির্বাচন করা হবে বলে জানান তিনি।

মনোনয়ন নিয়ে বড় দলের বড় চ্যালেঞ্জ:-

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় রাজনৈতিক দলের জন্য স্থানীয় সরকার নির্বাচনে একাধিক মনোনয়ন প্রত্যাশীকে সামলে একজন প্রার্থী চূড়ান্ত করা সহজ নয়। বিশেষ করে মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলর পদে স্থানীয়ভাবে শক্তিশালী একাধিক নেতা থাকলে মনোনয়নকে কেন্দ্র করে দলীয় বিভাজনের আশঙ্কা তৈরি হতে পারে।

এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করার ঘোষণা বিএনপির অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা নিয়ন্ত্রণের একটি রাজনৈতিক কৌশল হিসেবেও দেখা হচ্ছে। তবে শেষ পর্যন্ত মনোনয়নবঞ্চিত নেতাকর্মীদের নির্বাচনী মাঠে সক্রিয় রাখা এবং দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তা কীভাবে নিয়ন্ত্রণ করা হবে—সেটিই বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

একক প্রার্থী নিশ্চিত করার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে স্থানীয় জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা, অতীত রাজনৈতিক ভূমিকা এবং ভোটারদের কাছে গ্রহণযোগ্যতার পাশাপাশি দলের সাংগঠনিক ঐক্যও বিবেচনায় নিতে হবে। ফলে মনোনয়ন প্রক্রিয়ায় স্থানীয় নেতাদের সঙ্গে কেন্দ্রের সমন্বয় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

‘মব’ ও ভূমিদখলের বিরুদ্ধে কঠোর বার্তা:-

এদিকে দেশে বিশৃঙ্খলা বা মব সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মিনু।

তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করা হবে। কেউ মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না।

ভূমি দখলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ভূমিদস্যুদের দখলে থাকা জমি উদ্ধার করে জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে মাদক কারবারিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

রাজনৈতিকভাবে এসব বক্তব্যের গুরুত্বও রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা, ভূমিদখল ও মাদকের মতো স্থানীয় পর্যায়ের ইস্যুকে সামনে আনা হলে নির্বাচনী রাজনীতিতে এসব বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

যারা উপস্থিত ছিলেন:-

রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত কর্মসূচিতে রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহীর সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশাসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।