পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গেল

Passenger bus overturns after losing control
অনলাইন ডেস্ক ৩১ আগস্ট ২০২৬ ০৭:২৯ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ৩১ আগস্ট ২০২৬ ০৭:২৯ অপরাহ্ন
পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গেল
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গেছে।--সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে নিউ গ্রিন লাইন এক্সপ্রেস বাসটি সেতুর দুই পাশের রেলিং ভেঙে উল্টে পড়ে। 


আহতরা হলেন- মাগুরা সদর উপজেলার সাইফুল্লাহ (৮০),  মো. লুৎফর (৬৩) , চুয়াডঙ্গার আলমডাঙ্গা থানার রেবেকা খাতুন (৪০), চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার নুর  ইসলাম (৪৬), রাশিদা (৪০), মাগুরার মহাম্মদপুর থানার ফাতেমা (৭), মাগুরা জেলার শ্রীপুর থানার সাইফ (২৩) ও ফরিদপুর জেলার মুধখালী  উপজেলার আরাফাত (১৩)। 


মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে সংবাদ আসে যে, মাওয়ায় পদ্মা সেতুর ঢালে ঢাকামুখী নিউ গ্রিন লাইন এক্সপ্রেস বাস দুর্ঘটনায় পড়েছে। মাগুরা থেকে ঢাকাগামী বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।


তিনি আরও জানান, দ্রুত উদ্ধার তৎপরতার কারণে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত যাত্রীদের সময়মতো উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। ঘটনার পর পদ্মা সেতুর ঢালে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।