কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষ, নিহত ৩

Covered van-CNG collision
অনলাইন ডেস্ক ৩০ আগস্ট ২০২৬ ০৭:২৪ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ৩০ আগস্ট ২০২৬ ০৭:২৪ অপরাহ্ন
কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষ,  নিহত ৩
--সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দাদি-নাতনিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।


রোববার (৩০ আগস্ট) বেলা ৩টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় রিলাক্স রেস্টুরেন্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন-ময়মনসিংহের নান্দাইল উপজেলার কলাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মিলন মিয়া (৪০), হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলচেও এলাকার বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫) এবং বদিউল আলমের নাতনি জারামনি (৮)।


আহতরা হলেন-বদিউল আলম (৫০), তার নাতি আতিকুল ইসলাম (৮), নাতনি প্রিয়া আক্তার (২২) এবং মেয়ে স্বর্ণা বেগম (৩০)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বদিউল আলম ও তার পরিবারের সদস্যরা নান্দাইলে মেয়ের বাড়ি থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে হবিগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন।


পথে সিএনজিটি আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।


সংঘর্ষে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে এর আগেই ঘটনাস্থলে মিলন মিয়া মারা যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাবেয়া আক্তার ও শিশু জারামনিকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে কটিয়াদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলন মিয়ার মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।


কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীনূর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।