সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

BSF attempts to push 6 people at border
অনলাইন ডেস্ক ২৭ আগস্ট ২০২৬ ০১:৫৮ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৭ আগস্ট ২০২৬ ০১:৫৮ অপরাহ্ন
সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের
--সংগৃহীত ছবি

নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) ৬ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করার চেষ্টাকে রুখে দিয়েছে বিজিবি।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনুমানিক ভোর সাড়ে ৬টার দিকে সীমান্ত পিলার ২১৬/এমপি এলাকা দিয়ে ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৬ জন পুরুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালায়। সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই রামদাসপুর বিওপির একটি দ্রুতগামী টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। টহল দল উক্ত ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করতে সক্ষম হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশে কঠোর বাধা প্রদান করে।


নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৬ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে কিন্তু বিজিবির প্রচেষ্টায় তা ব্যর্থ হয়। বর্তমানে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা প্রদানপূর্বক নিকটবর্তী কাঁটা তারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।