ফুটপাত দখল মুক্ত ও যাননজট নিরসনে রাসিকের উচ্ছেদ অভিযান
রাজশাহী মহানগরের ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং যানজট নিরসনে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এই অভিযান শুরু করা হয়েছে। অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৮জুন)বেলা ১১টার দিকে নগরের লক্ষ্মীপুর মোড় থেকে অভিযান শুরু হয়। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক হয়ে বর্ণালী মোড় এলাকায় গিয়ে অভিযান শেষ হয়। এ সময় ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়কে অবৈধভাবে পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে যত্রতত্র পার্কিং করা কয়েকটি যানবাহন জব্দও করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর আহমেদ ও রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। তাদের তত্ত্বাবধানে অবৈধ স্থাপনা অপসারণ, ফুটপাত দখলমুক্তকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে অবৈধ পার্কিংয়ের কারণে যানজটও বাড়ছে। এসব সমস্যা সমাধানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অভিযান নিয়মিত চলমান থাকবে এবং পর্যায়ক্রমে নগরের অন্যান্য এলাকাতেও পরিচালিত হবে।
তিনি বলেন, নগরবাসীর স্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ পুনরায় অবৈধভাবে দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।