আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

Clashes between two parties over Mango Para
অনলাইন ডেস্ক ০২ জুন ২০২৬ ০৮:১১ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০২ জুন ২০২৬ ০৮:১১ অপরাহ্ন
আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার মনাকষা-চৌকা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনাকষা-চৌকা এলাকার বাসিন্দা মাহিদুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে মুকুল নামে এক ব্যক্তির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে ওই বিতর্কিত জমির আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন গুরুতর আহত হন।

সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দারা আহতদের দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তব, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে দুইজনকে থানায় আনা হয়েছে। পুরো ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এসআইএল/বিবিএন