ইরান সরকারের কাঠামোতে ফাটল ধরেছে, এটি ভেঙে পড়বে
ইরান সরকারের কাঠামোতে ফাটল ধরেছে এটি যে কোনো সময় ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল সোমবার (১ জুন) রাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়ার বিদায়ী অনুষ্ঠানে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, “ইসরায়েল এখন পর্যন্ত যে মূল্য দিয়েছে। এটি অত্যন্ত চড়া। তাদের সন্ত্রাসী সরকারের কাঠামোতে ফাটল ধরেছে। এই সরকার আগের অবস্থানে কখনো ফিরবে না এবং আমি আপনাদের বলি ইরানের সরকার ভেঙে পড়বে।”
তিনি আরও বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা প্রত্যেক শত্রুকে মনে করিয়ে দিতে চাই তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। তাদের যে মূল্য দিতে হবে তা হবে অত্যন্ত চড়া।”
মোসাদের বিদায়ী প্রধানকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, “আপনার সময়ে অসাধারণ অনেক কিছু হয়েছে। আপনি যে পাঁচ বছর মোসাদের প্রধান ছিলেন এটি আমাদের ইতিহাসে অন্যতম ভালো সময় ছিল।”
“মোসাদে আপনি দীর্ঘ ৩০ বছর যে সেবা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ গত কয়েক বছরের জন্য। যে সময় ইসরায়েলের নিরাপত্তার ক্ষেত্রে অনেক সফলতা অর্জিত হয়েছে।”
এদিকে মোসাদের নতুন প্রধানের দায়িত্ব নিচ্ছেন নেতানিয়াহুর বিদায়ী সামরিক সচিব মেজর জেনারেল রোমান গোফম্যান।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এসআইএল/বিবিএন