বোনের বাড়ির উঠান থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

The body was recovered
অনলাইন ডেস্ক ০২ জুন ২০২৬ ০২:০৪ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০২ জুন ২০২৬ ০২:০৪ অপরাহ্ন
বোনের বাড়ির উঠান থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার
--সংগৃহীত ছবি

নাটোরে বোনের বাড়ির উঠান থেকে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) সকালে সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে শফিকুল ইসলামের বোন মছিরন ঘরের দরজা খুলে বাইরে বের হলে উঠানে তার ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় নাটোর সদর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে রুবেল হোসেন জানান, সোমবার রাত ১১টার দিকে তিনি তার বাবাকে সর্বশেষ বাড়ির বাইরে দেখেছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রুবেলের অভিযোগ, পৈতৃক জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে তার ফুফুদের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই তার বাবাকে হত্যা করা হতে পারে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে জমি নিয়ে বিরোধের একটি অভিযোগ তোলা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।