বদলগাছীতে ইটভাটার শ্রমিকদের হাসি-আনন্দে প্রীতি ফুটবল ম্যাচ

football
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ২৩ মে ২০২৬ ১২:০৮ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ২৩ মে ২০২৬ ১২:০৮ অপরাহ্ন
বদলগাছীতে ইটভাটার শ্রমিকদের হাসি-আনন্দে প্রীতি ফুটবল ম্যাচ
নওগাঁর বদলগাছীতে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এক প্রীতি ফুটবল ম্যাচের।

সারাবছর নয়, বছরের প্রায় ছয় মাস ইটভাটার ধোঁয়া, আগুন আর কঠোর পরিশ্রমের মধ্যেই কেটে যায় তাদের জীবন। ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাড়ভাঙা শ্রম দিয়েও পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ খুব কমই মেলে। জীবিকার তাগিদে বাড়ি-ঘর ছেড়ে দূরে থেকে কাজ করা এসব শ্রমিকদের মুখে একটু হাসি ফোটাতেই নওগাঁর বদলগাছীতে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এক প্রীতি ফুটবল ম্যাচের।

ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে গত শুক্রবার (২২ মে) সন্ধ্যায় গোঁবরচাপাহাট এলাকায় তিনটি ইটভাটার শ্রমিকদের অংশগ্রহণে এ ফুটবল ম্যাচের আয়োজন করে আমেদুল ট্রেডার্স।

খেলায় অংশ নেয় কসকো অটোমেটিক ব্রিকস ও আরাফাত ব্রিকস-১ এর শ্রমিকদের নিয়ে গঠিত দুটি দল। ৪০ মিনিটের প্রাণবন্ত ও উপভোগ্য খেলায় ৩-২ গোলে জয় লাভ করে কসকো অটোমেটিক ব্রিকস।

খেলার মাঠে তখন ছিল ভিন্ন এক আবহ। দিনের পর দিন ইট টানা, মাটি কাটা আর আগুনের তাপে কাজ করা শ্রমিকদের মুখে দেখা যায় আনন্দের হাসি। কেউ সহকর্মীকে জড়িয়ে ধরছেন, কেউ গোল উদযাপনে মেতে উঠছেন। কিছু সময়ের জন্য যেন তারা ভুলে গিয়েছিলেন জীবনের কষ্ট আর ক্লান্তির কথা।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন উত্তরবঙ্গ সিন্ডিকেট (কয়লা আমদানিকারক), আমেদুল ট্রেডার্স, আরাফাত ব্রিকস-১, কসকো অটোমেটিক ব্রিকস ও আরাফাত ব্রিকস-২ এর স্বত্বাধিকারী আমেদুল ইসলাম চঞ্চল।

তিনি বলেন, ইটভাটার শ্রমিকরা বছরের ছয় মাস পরিবার-পরিজন ছেড়ে কঠোর পরিশ্রম করেন। অনেকেই ঈদ-পার্বণেও পরিবারের সঙ্গে থাকতে পারেন না। সামনে ঈদুল আজহা উপলক্ষে সবাই বাড়ি ফিরবেন। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার ফলে শ্রমিকদের মধ্যে যে ভ্রাতৃত্ব আর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে, সেটিকে আরও আনন্দময় করতেই এই আয়োজন।

স্থানীয়রা জানান, শ্রমিকদের জন্য এমন আয়োজন খুব কমই দেখা যায়। তাই খেলাটি শুধু বিনোদন নয়, শ্রমজীবী মানুষদের প্রতি সম্মান ও ভালোবাসারও একটি সুন্দর উদাহরণ হয়ে উঠেছে।