বোদায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস’ ২০২৬ অনুষ্ঠিত হয় ।
বুধবার (২০ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বোদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সেমিনারের আয়োজন করে।
কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা নিশ্চিত করার লক্ষ্যে পার্টনার প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করে বিশ্বব্যাংক, ইউএনডিপি এবং আইএফএডি (ইফাদ)।
বোদা উপজেলা নিবার্হী অফিসার রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়।
অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক ও ভবিষ্যৎ লক্ষ্য উদেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাশেদ উন নবী।
এসময় উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রায় দেড় শতাধিক কৃষক-কৃষাণীসহ, উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষির আধুনিকায়ন এবং নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাদ্যের জোগান নিশ্চিত করা। শুধুমাত্র ফলন বৃদ্ধি নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে টেকসই কৃষি প্রযুক্তি প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। বক্তারা আরও বলেন, কৃষক স্কুল-এর মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের সার ও বীজের সঠিক ব্যবহার এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে, যা একটি আত্মনির্ভরশীল ও সুস্থ জনগোষ্ঠী গড়তে সহায়ক হবে।
এর আগে অতিথিগন পার্টনার কংগ্রেস উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ আধুনিক কৃষি প্রযুক্তি এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন উচ্চফলনশীল জাতের প্রদর্শনী সম্পর্কে আগত কৃষকদের বিস্তারিত ধারণা প্রদান করেন।
সেমিনারে উপস্থিত কৃষক ও উদ্যোক্তারা এই প্রকল্পের বিভিন্ন দিকনির্দেশনা শুনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারিত করার দাবি জানান।
এসআইএল/বিবিএন