খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Fire at Khulna Medical College Hospital
অনলাইন ডেস্ক ২০ মে ২০২৬ ০২:২০ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২০ মে ২০২৬ ০২:২০ অপরাহ্ন
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন___সংগৃহীত ছবি

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ঘটনায় হাসপাতাল জুড়ে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাড়াহুড়া করে নামতে গিয়ে অনেকে আহত হন।

বুধবার (২০ মে) ভোর ৬টায় হাসপাতাল ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আগুনের ঘটনায় মোট পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন— হাসপাতালের স্টাফ সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী ও শারমিন এবং ফায়ার সার্ভিস সদস্য তৌহিদ।

হাসপাতালের এক কর্মচারী বলেন, ধারণা করা হচ্ছে, স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কিভাবে হয়েছে বলা যাচ্ছে না। ধোঁয়ায় ওটি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডের কোনো কিছু দেখা যাচ্ছিল না। পোস্ট অপারেটিভ রুম থেকে মুমূর্ষ রোগীদের পেছন দরজা থেকে বের করা হয়। আইসিইউ এর কিছু রোগী বের করা হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন আমাদের নার্স আপাদের উদ্ধার করেন।

এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নির্বাপনে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ আহমেদ বলেন, ভোর ৬টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। এরপর বয়রা থেকে ৩টি ইউনিট এসে কাজ শুরু করে। পরবর্তীতে আরও ৭টি ইউনিট এসে কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. হোসেন আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট অথবা এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।



এসআইএল/বিবিএন