নির্বাচনের দিন ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশ

Internet connection
অনলাইন ডেস্ক ২৩ ডিসেম্বর ২০২৩ ০১:৫৮ পূর্বাহ্ন তথ্যপ্রযুক্তি
অনলাইন ডেস্ক ২৩ ডিসেম্বর ২০২৩ ০১:৫৮ পূর্বাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটের ফলাফল দ্রুত পাঠানোর জন্য টেলিফোন, ফ্যাক্স ও ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পরিপত্রে।

শুক্রবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সাহসী ও নিরপেক্ষ কর্মকর্তাদের ভোট গ্রহণে নিযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে পরিপত্রে। 

সেখানে বলা হয়েছে, পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে রিটার্নিং অফিসারকে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের জন্য যানবাহন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়েছে, ভোটগ্রহণ এবং ভোটগণনা শেষে প্রিজাইডিং অফিসাররা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যথাসম্ভব স্বল্প সময়ে ভোটকেন্দ্র থেকে ভোটগণনা বিবরণী ও সংশ্লিষ্ট কাগজপত্রাদি সহকারী রিটার্নিং অফিসারের কাছে সরবরাহ করবেন।

এছাড়াও পরিপত্রে ভোটকেন্দ্রে ধূমপান থেকে বিরত থাকা ও দেয়াশলাই, লাইটারসহ দাহ্য পদার্থ বহনে কড়াকড়ি আরোপের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের অভ্যন্তরে বৈদ্যুতিক হিটার বা যে কোনো ধরনের চুলা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।