রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

ছোটন সরদার ০৫ এপ্রিল ২০২৬ ০৫:৪৩ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০৫ এপ্রিল ২০২৬ ০৫:৪৩ অপরাহ্ন
রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়
রাজশাহীর নবাগত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
সভায় জেলা প্রশাসক বলেন, রাজশাহী একটি সম্ভাবনাময় জেলা। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। তিনি বলেন, গণমাধ্যম যদি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গঠনমূলক ভূমিকা রাখে, তবে জেলার অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা প্রশাসনের কাজকে শক্তিশালী করবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। এতে জনগণের সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকেরা জেলার উন্নয়ন, বিভিন্ন সামাজিক সমস্যা এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।