ভুয়া চাহিদা পত্রে জ্বালানি উত্তোলনের চেষ্টা, ফায়ার সার্ভিসের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ
রাজশাহী মহানগরীতে ভুয়া চাহিদা পত্র ব্যবহার করে পেট্রোল ও অকটেন উত্তোলনের অভিযোগ উঠেছে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল ২০২৬) সকালে এ ঘটনা ঘটে নগরীর এয়ারপোর্ট থানাধীন মেসার্স হাবিব ফিলিং স্টেশনে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে নওহাটা ফায়ার স্টেশনের সেকেন্ড অফিসার মো. রবিউল আলমের নেতৃত্বে ৩ থেকে ৪ জন সদস্য একটি পিকআপ ও ড্রাম নিয়ে ফিলিং স্টেশনে যান। সেখানে তিনি নিজ স্বাক্ষরিত একটি চাহিদা পত্র দেখিয়ে ২০০ লিটার পেট্রোল উত্তোলন করেন। পরে আরও ১০০ লিটার অকটেন নেওয়ার চেষ্টা করলে উপস্থিত সিটিএসবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যদের সন্দেহ হয়।
এ সময় রবিউল আলমকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তেলের প্রয়োজনীয়তা সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরে নওহাটা ফায়ার স্টেশনের ইনচার্জ নিরঞ্জনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই ধরনের কোনো চাহিদা তাদের স্টেশন থেকে দেওয়া হয়নি এবং তাদের পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। তিনি আরও বলেন, সরকারি নিয়ম অনুযায়ী তারা নির্দিষ্ট ফিলিং স্টেশন থেকেই জ্বালানি সংগ্রহ করেন। তার ধারণা, সংশ্লিষ্টরা ব্যক্তিগত প্রয়োজনে তেল সংগ্রহের চেষ্টা করেছেন।
ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ইতোমধ্যে উত্তোলন করা ২০০ লিটার পেট্রোল পুনরায় ফিলিং স্টেশনের পাম্পে ঢেলে দেন এবং পিকআপ ও খালি ড্রাম নিয়ে সেখান থেকে চলে যান।
বিষয়টি স্থানীয় এয়ারপোর্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।