রাজশাহীতে বিএনপির আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা
রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত নগরের বোয়ালিয়া থানাধীন মালোপাড়ার ভুবন মোহন পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, এতে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন এবং সিনিয়র সহসভাপতি নজরুল হুদা।
আলোচনা সভায় বক্তারা দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার ইতিহাস নিয়ে ভিন্নমত থাকলেও নিজেদের অবস্থানের পক্ষে দালিলিক প্রমাণ রয়েছে বলে দাবি করেন। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে দেশের অগ্রগতিতে বিভিন্ন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানান।
সভা শেষে সন্ধ্যা ৭টা থেকে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, যা রাত পর্যন্ত চলমান থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।