রাজশাহীতে নেশার আসরে যুবদল–জামায়াত কর্মীদের সংঘর্ষ, আহত ১
রাজশাহী মহানগরীর মতিহার থানার ফুলতলা এলাকায় একসঙ্গে নেশা করার সময় যুবদল ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. মাহফুজুর রহমান পলক (৩২) নামের একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত পলক ফুলতলা এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে যুবদলের সদস্য সচিব হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলক জামায়াতের কয়েকজন সক্রিয় কর্মীর সঙ্গে বসে নেশা করছিলেন। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়ে তা দ্রুত মারামারিতে রূপ নেয়। এতে পলক গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত ৯টা ৫ মিনিটের দিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আহত পলক মতিহার থানার ২৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম যুবদলের সদস্য সচিব। একই এলাকায় বসবাসের কারণে জামায়াত ও বিএনপির কর্মীরা ব্যক্তিগতভাবে একসঙ্গে ওঠাবসা করেন। সংশ্লিষ্টদের দাবি, এটি কোনো দলীয় বিরোধের ঘটনা নয়, বরং ব্যক্তিগত পর্যায়ের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত।
এ বিষয়ে মতিহার থানার পুলিশ জানায়, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে রামেক হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।