রাজশাহী সিটি করপোরেশনে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা

ছোটন সরদার , রাজশাহী ২৫ মার্চ ২০২৬ ০৬:৩৫ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার , রাজশাহী ২৫ মার্চ ২০২৬ ০৬:৩৫ অপরাহ্ন
রাজশাহী সিটি করপোরেশনে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা
ছবি - ছোটন সরদার

২৫ মার্চ—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি রাজশাহী সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত নগরের বোয়ালিয়া মডেল থানাধীন রাজশাহী সিটি করপোরেশনের অ্যানেক্স ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি একই সঙ্গে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. জিল্লুর রহমান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এবং সচিব সোহেল রানা।

মতবিনিময় সভায় বক্তারা রাজশাহী সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে এ সিটিকে আরও আধুনিক ও উন্নত নগরীতে রূপান্তর করা সম্ভব।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম তাঁর বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের সামগ্রিক সৌন্দর্য ও উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে রাজশাহী একটি অত্যাধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাকে উল্লেখ করে সিটি করপোরেশন ভবনে অগ্নিকাণ্ডের বিষয়ে ভিডিও ক্লিপসহ একটি লিখিত প্রতিবেদন পাঠানোর জন্য প্রশাসকের প্রতি অনুরোধ জানান।

এ সময় তিনি সিটি করপোরেশনের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেন। চলতি অর্থবছরের বাজেট প্রায় শেষ পর্যায়ে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, আগামী অর্থবছর থেকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা যথাযথভাবে বিতরণের উদ্যোগ নেওয়া হবে। তিনি রাজশাহী সিটির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নবনিযুক্ত প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।