রেল জয়েন্টের ভাঙ্গা দেখে ট্রেন থামানোয় এনামুল হককে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে
দিনাজপুরের ফুলবাড়ীতে রেললাইন ভাঙা দেখতে পেয়ে উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার সঙ্গে ট্রেন থামিয়ে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়াতে সহায়তা করা স্থানীয় শ্রমিক মোঃ এনামুল হক (৬৫)-কে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী-বিরামপুর রেলপথের পূর্ব চণ্ডীপুর এলাকায় হাঁটার সময় রেললাইনের প্রায় এক ফুট অংশ ভাঙা দেখতে পান এনামুল হক। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত আশপাশের লোকজনকে জানান এবং রেলওয়ে কর্তৃপক্ষকে মুঠোফোনে খবর দেন। এরপর কাছের একটি কলাগাছ থেকে কলার মোচা ভেঙে তার লাল পাপড়ি লাঠির মাথায় বেঁধে সতর্ক সংকেত হিসেবে রেললাইনে দাঁড়িয়ে পড়েন।
কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে এনামুল হকের দেওয়া লাল সংকেত দেখে ট্রেনের চালক নিরাপদ দূরত্বে ট্রেনটি থামিয়ে দেন। এতে শত শত যাত্রী সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।এনামুল হকের এই সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) আহমেদ হোসেন মাসুমসহ পশ্চিমাঞ্চলের রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রেলওয়ে কর্মকর্তারা বলেন, একজন সাধারণ মানুষের সচেতনতা ও উপস্থিত বুদ্ধি অনেক সময় বড় দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এনামুল হকের এই উদ্যোগ তার উজ্জ্বল উদাহরণ।