রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
রাজশাহী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে খিদিরপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার পশ্চিম বাতান এলাকায় অভিযান চালায়।
সংবাদে জানা যায়, ওই এলাকা দিয়ে মাদক পাচার হতে পারে। পরে বিজিবির সদস্যরা লটা বাগানের ভেতরে অবস্থান নিয়ে ওৎ পেতে থাকেন। কিছুক্ষণ পর একজন সন্দেহভাজন ব্যক্তি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাগানের দিকে এগিয়ে আসেন। এ সময় তাকে আটক করতে ধাওয়া দিলে তিনি একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যান।
পরে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।