চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত
ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার(১৮মার্চ) বিকেলে ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন পার হওয়ার পরই লাইনচ্যুত হয়।ট্রেনটিতে হাজারের অধিক যাত্রী ছিলেন। ট্রেনের ছাদে থাকা পড়ে বহু যাত্রী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, ১৮ মার্চ নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়। এতে বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত সঠিক সংখ্যা জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।