২৫ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

Stone statue recovered
অনলাইন ডেস্ক ০৭ মার্চ ২০২৬ ০৬:২৮ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৭ মার্চ ২০২৬ ০৬:২৮ অপরাহ্ন
২৫ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
দিনাজপুরের বিরল উপজেলায় দুটি কষ্টিপাথরের মূর্তিসহ একজনকে আটক করেছে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন।__সংগৃহীত ছবি

দিনাজপুরের বিরল উপজেলায় দুটি কষ্টিপাথরের মূর্তিসহ একজনকে আটক করেছে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন। শনিবার (৭ মার্চ) বিকেল ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী। 

এরআগে শুক্রবার (৬ মার্চ) রাত ৩টার দিকে বিরল উপজেলার ধনগ্রাম ও ফরক্কাবাদ এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তির নাম রাসেল ইসলাম (৩৩)। তিনি দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রামের মকবুল হোসেনের ছেলে।

বিজিবির অধিনায়ক লতিফুল বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গভীর রাতে দিনাজপুরের বিরলের ধনগ্রাম এলাকায় রাসেল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে ১৫ কেজি ৬২০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয় এবং রাসেলকে আটক করা হয়।

পরবর্তীতে রাসেলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ফরক্কাবাদ এলাকায় আরও একটি মূর্তি থাকার কথা স্বীকার করেন। সেই তথ্যের ভিত্তিতে ভোর রাত ৩টার দিকে ফরক্কাবাদ গ্রামে দ্বিতীয় অভিযান চালিয়ে ১০ কেজি ৫০ গ্রাম ওজনের আরও একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত দুটি মূর্তির মোট ওজন ২৫ কেজি ৬৭০ গ্রাম এবং মূল্য ২৫ লাখ ৭২ হাজার ৬শ টাকা। মূর্তি দুটির ঐতিহাসিক গুরুত্ব জেলা প্রত্নতত্ত্ব বিভাগে যাচাই করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।