রাজশাহীতে শিক্ষককে চড়থাপ্পড়ের ঘটনায় অভিযুক্ত শিহাবের সংবাদ সম্মেলন, পরে আটক
রাজশাহী মহানগরীতে শাহ মখদুম কলেজের এক শিক্ষককে চড়থাপ্পড় মারার ঘটনায় অভিযুক্ত কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ শিহাব সংবাদ সম্মেলন করেছেন। পরে পুলিশ তাকে আটক করেছে।
শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নগরের বোয়ালিয়া থানার নিউমার্কেট এলাকায় শিহাবের উদ্যোগে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মারুফ শিহাব দাবি করেন, শাহ মখদুম কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মো. আসাদুজ্জামান জুয়েল আওয়ামী লীগের সমর্থক এবং বিভিন্নভাবে দলটির পক্ষে কাজ করেন। তিনি আরও অভিযোগ করেন, ওই শিক্ষক নিয়মিতভাবে কলেজে দায়িত্ব পালন করেন না এবং শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেন।
শিহাবের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও শিক্ষক জুয়েল আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন বলে তিনি দাবি করেন। এ ছাড়া গত ২৮ ফেব্রুয়ারি রাজশাহী মহানগরের কুমারপাড়ায় অবস্থিত (বর্তমানে ভঙ্গুর) আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ব্যানার টাঙানোর ঘটনার সঙ্গেও ওই শিক্ষকের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে শিক্ষক আসাদুজ্জামান জুয়েলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলন শেষে বোয়ালিয়া থানা পুলিশ আব্দুল্লাহ আল মারুফ শিহাবসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। শিক্ষক আসাদুজ্জামান জুয়েলের দায়ের করা মামলায় (মামলা নং–০৪, তারিখ: ৫ মার্চ ২০২৬) তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।