গ্রামবাসীর পিটুনিতে ৩ পুলিশ সদস্য আহত, গাড়ি ভাঙচুর

3 policemen injured, car vandalized
অনলাইন ডেস্ক ০৬ মার্চ ২০২৬ ০৫:১৪ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৬ মার্চ ২০২৬ ০৫:১৪ অপরাহ্ন
গ্রামবাসীর পিটুনিতে ৩ পুলিশ সদস্য আহত, গাড়ি ভাঙচুর
সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের তথ্য সংগ্রহে গিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। __সংগৃহীত ছবি

সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের তথ্য সংগ্রহে গিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একটি পুলিশভ্যান।

 বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুড় গ্রামে এ ঘটনা ঘটে।

 আহতরা হলেন- পুলিশ কনস্টেবল আশরাফুল ইসলাম (কালিগঞ্জ ফাঁড়ি), এসআই বিপ্লব কুমার রায় (কালিগঞ্জ ফাঁড়ি) এবং এসআই  নেজাম ইসলাম (সিংড়া থানা)। আহতদের মধ্যে কনস্টেবল আশরাফুল ইসলামকে নন্দীগ্রাম উপজেলার একটি হাসপাতালে ও দুইজন পুলিশকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৯) সরিষা মারাই করার একটি গাড়ি নিয়ে রাস্তা থেকে মাঠে নামার সময় দুর্ঘটনার শিকার হন। এ সময় গাড়িটি উল্টে গেলে সিয়াম গাড়ির নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নন্দীগ্রামের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

 পুলিশ জানায়, হাসপাতাল থেকে সরবরাহ করা মৃত্যুর কাগজপত্র থানায় জমা দিয়ে দাফন সম্পন্ন করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হন। পরে সিংড়া থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 সিংড়া থানার ওসি আ.ব.ম আব্দুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে একটি মৃত্যুর ঘটনার খবর পেয়ে পুলিশ থেলকুড় গ্রামে যায়। সেখানে পুলিশ প্রয়োজনীয়  তথ্য সংগ্রহের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করে। এ ঘটনার মূল উস্কানিদাতাকে শনাক্তের কাজ চলমান এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।