বাইসাইকেলের সিটের নিচে লুকানো ছিল ৫০ ভরি স্বর্ণ

50 gold bars
অনলাইন ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০১ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০১ অপরাহ্ন
বাইসাইকেলের সিটের নিচে লুকানো ছিল ৫০ ভরি স্বর্ণ
__সংগৃহীত ছবি

সীমান্ত এলাকার দিকে একটি বাইসাইকেলে এগিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না যে, অতি সাধারণ একটি পুরাতন বাইসাইকেলের সিটের নিচের লোহার রডের ভেতর লুকানো রয়েছে কোটি টাকার সম্পদ! তবে বিজিবির গোয়েন্দা তথ্যের কাছে শেষ রক্ষা হয়নি তার। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের এক বিশেষ অভিযানে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে পাঁচটি স্বর্ণের বার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এক প্রেস ব্রিফিংয়ে এই সফল অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

এরআগে এদিন সকাল পৌনে ১০টায় জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে এসব স্বর্ণের বারসহ মতিয়ার রহমান মিন্টু (৪২) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক মতিয়ার রহমান মিন্টু ওই এলাকার সিদ্দিক মণ্ডলের ছেলে।

অধিনায়ক বলেন, সীমান্ত এলাকার ২৮১ নম্বর মেইন পিলারের ১৫ নম্বর সাব পিলার হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা নামক স্থানে বিজিবির টহলদল ওঁৎ পেতে থাকে। সকাল পৌনে ১০টায় ওই ব্যক্তি বাই সাইকেলে হাটখোলা বাজার থেকে সীমান্ত এলাকায় পূর্ব উচনা মাঠের দিকে গমন করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে। এসময় বাইসাইকেলের ছিটের নিচে রডের ভিতরে খাকি রঙের কসটেপ দিয়ে মোড়ানো বস্তু পাওয়া যায়। এর ভেতরে পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দকৃত স্বর্ণের মোট ওজন ৫৮৭ দশমিক ৭২ গ্রাম অর্থাৎ ৫০ ভরি ০৬ আনা ০১ রতি। এসবের বাজারমূল্য ১ কোটি ২৮ লাখ ৪৮ হাজার ২২৫ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ টাকাও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, এসব স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশে তিনি নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানান অধিনায়ক।