বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Claim for outstanding salary
অনলাইন ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৫ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৫ অপরাহ্ন
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত মাসের বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। এতে ব্যস্ত এই মহাসড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বরপা এলাকায় অবস্থিত বি.আর.আই ব্রাদার্স নামের একটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে নেমে আসেন। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শিল্প পুলিশ পরিদর্শক সেলিম বাদশা বলেন, কারখানাটির প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক গত মাসের বেতন এখনো পাননি। কর্তৃপক্ষ বৃহস্পতিবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় দুই শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে সড়ক অবরোধে অংশ নেন।

তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ব্যাংক বন্ধ থাকায় বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। আগামী সোমবার সব বকেয়া পরিশোধ করা হবে বলে তারা আশ্বাস দিয়েছে। শ্রমিক, কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক চলছে।

সড়ক অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান সেলিম বাদশা।