বিদেশে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ: রাজশাহীতে সংবাদ সম্মেলন
বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় অবস্থিত রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইল সদরের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন (পিতা: হাসান আলী)সহ আরও দুইজন ভুক্তভোগী উপস্থিত ছিলেন। তারা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, রাজশাহী জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকার ভুট্টু মৃধা ও তাঁর ছেলে হৃদয় মৃধার সঙ্গে কিছুদিন আগে তাদের পরিচয় হয়। একপর্যায়ে অভিযুক্তরা নিউজিল্যান্ডে চাকরি দেওয়ার প্রলোভন দেখান।
ভুক্তভোগীদের দাবি, ভিসা প্রসেসিং, বিমান টিকিট ও অন্যান্য আনুষঙ্গিক খরচের কথা বলে গত বছরের ১৫ জুন প্রত্যেকের কাছ থেকে ১৪ লাখ টাকা করে নেওয়া হয়। পরে ৮ জুলাই ২০২৫ তারিখে নিউজিল্যান্ডগামী ফ্লাইটে যাওয়ার কথা বলে তাদের হাতে বিমান টিকিট তুলে দেওয়া হয়। কিন্তু বিমানবন্দরে গিয়ে চেকিংয়ের সময় তারা জানতে পারেন, টিকিটগুলো জাল।
তাদের অভিযোগ, এরপর অভিযুক্তদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা যোগাযোগ এড়িয়ে যান। এ ঘটনায় গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে মোহনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে এখনো কোনো সমাধান না পাওয়ায় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।