ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা, প্রেমঘটিত কারণের ইঙ্গিত

Young woman commits suicide on Facebook Live
ছোটন সরদার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:১০ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:১০ অপরাহ্ন
ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা, প্রেমঘটিত কারণের ইঙ্গিত
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রেজিনা সরকার পাখি (২১) নামের এক তরুণী।

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রেজিনা সরকার পাখি (২১) নামের এক তরুণী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে কাদের মণ্ডলের মোড়সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত রেজিনা নওগাঁর সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে। তিনি রাজশাহী নগরের ওই এলাকায় আসাদুজ্জামান নূর সানি নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজিনার সঙ্গে ভারতের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সাম্প্রতিক সময়ে ওই সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল বলে জানা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই সম্পর্কজনিত মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

আত্মহত্যার আগে রেজিনা তাঁর ফেসবুক আইডিতে কয়েকটি আবেগঘন পোস্ট দেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি লেখেন, ‘আজকে আমার শেষ দিন। আল্লাহ মাফ করুক... পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।’ মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’ এছাড়া মৃত্যুর আগমুহূর্তে কথিত প্রেমিকের উদ্দেশে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখে পোস্ট দেন এবং ফেসবুক লাইভে আসেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

রাজশাহী মহানগর পুলিশের সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। প্রেমঘটিত কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।