দ্য হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে শঙ্কা

Concerns over Pakistani cricketers getting a team in The Hundred
অনলাইন ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৭ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৭ অপরাহ্ন
দ্য হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে শঙ্কা
সংগৃহীত ছবি

বিশ্বের অনেক দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেই দল রয়েছে ভারতীয় মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের। ইংল্যান্ডের সবচেয়ে জমকালো ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেড। এই লিগেও চারটি দলের মালিকানা ভারতীয়দের দখলে। ফলে দ্য হান্ড্রেডের আগামী আসরে পাকিস্তানি ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে শঙ্কা থাকছে।

দ্য হান্ড্রেডের এবারের নিলামে ৬৩ জন পাকিস্তানি ক্রিকেটার নাম দিয়েছেন। কিন্তু ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের ব্যপক অবনতি হওয়ায় পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষেত্রে দ্য হান্ড্রেডে থাকতে পারে 'শ্যাডো বেন'।

বিবিসি জানিয়েছে, এসব দলের মালিকানার সঙ্গে আইপিএলের সম্পর্ক থাকার কারণেই পাকিস্তানি ক্রিকেটারদের ব্যাপারে অনীহা দেখা যাচ্ছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এক এজেন্টকে জানিয়েছেন, আইপিএল-সংশ্লিষ্ট নয় এমন দলগুলো থেকেই মূলত পাকিস্তানি খেলোয়াড়দের প্রতি সীমিত আগ্রহ থাকতে পারে।

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক মনে করেন দ্য হান্ড্রেডে কোনো পাকিস্তানি ক্রিকেটার সুযোগ না পেলে ব্যাপারটি দুঃখজনক হবে। তিনি বলেন, 'পাকিস্তান বহু বছর ধরে দুর্দান্ত একটি ক্রিকেট জাতি। নিলামে প্রায় ৫০ থেকে ৬০ জন ক্রিকেটার আছে বলে মনে হয়। তাদের মধ্যে কাউকে সেখানে না দেখাটা সত্যিই হতাশার হবে।'

ব্রুক মনে করেন বিভিন্ন টুর্নামেন্টে দর্শক টানার ক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেটারদের বড় ভূমিকা থাকে। তিনি বলেন, 'ওদের মধ্যে অসাধারণ কিছু ক্রিকেটার আছে এবং তারা দারুণ দর্শকও নিয়ে আসে। পাকিস্তানের কয়েকজন ক্রিকেটারকে সেখানে না দেখাটা সত্যিই দুঃখজনক হবে। তাদের উপস্থিতি টুর্নামেন্ট ও প্রতিযোগিতাকে আরও ভালো করে তুলতে পারে।'