রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নগরের সোনাদিঘির পাড়ে এক একর জমির ওপর নির্মিত নতুন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় তিনি শহীদ মিনার চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল অর্পণ করেন। শহীদ মিনার প্রাঙ্গণে ছিলো শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় মিশ্রিত এক গম্ভীর পরিবেশ।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘একুশ: জাতীয় জাগরণের প্রেরণা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে। এতে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বাদ যোহর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় জেলার সব মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামতো সময়ে মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া মহানগরীর সড়কদ্বীপ ও গুরুত্বপূর্ণ স্থানগুলো বাংলা বর্ণমালা সংবলিত ফেস্টুনে সজ্জিত করা হয়। পুরো নগরজুড়ে ছিল একুশের চেতনা ও মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসার আবহ।