৯ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জের আমনূরা জংশনে ট্রেন চলাচল স্বাভাবিক
তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ৯ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জের আমনূরা জংশনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘ উদ্ধার তৎপরতা শেষে দুপুর নাগাদ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং রহনপুর-রাজশাহী রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়।
আমনূরা সহকারী স্টেশনমাস্টার মো. মোখলেসুর রহমান বলেন, সকাল ১০টা ১০ মিনিটে রিলিফ ট্রেন দূর্ঘটনা স্থলে আসে এবং সকাল ১১টা থেকে উদ্ধার কাজ শুরু হয়। প্রথম ওয়াগনটি ১১টা ২৫ মিনিটে এবং দ্বিতীয় ওয়াগনটি ১২টা ৫৫ মিনিটে উদ্ধার করা হয়। পরে বাকি ওয়াগন উদ্ধার শেষ হলে লাইন ফিট ঘোষণা করা হয়।
পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, পয়েন্ট ও সিগন্যালে কোনো ত্রুটি পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে বারবার এ এলাকায় কেন বারবার ট্রেন লাইনচ্যুত হচ্ছে, তা খতিয়ে দেখা হবে।
এদিকে দুর্ঘটনার কারণে রহনপুর স্টেশন এলাকায় যাত্রীবাহী মহানন্দা এক্সপ্রেস আটকা পড়ে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
রেলওয়ে সূত্র আরো জানায়, উদ্ধার কাজ শেষ হওয়ার পর দুপুর ৩ টার দিকে লাইন সম্পূর্ণ সচল হলে রহনপুর-রাজশাহী রুটে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।