নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

Gazette publication of elected members of parliament
অনলাইন ডেস্ক ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩৬ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩৬ অপরাহ্ন
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
সংগৃহীত ছবি

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে বিজয়ী সংসদ সদস্যদের সরকারি ফল গেজেট আকারে প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। এদিন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশব্যাপী গণভোটও অনুষ্ঠিত হয়।

তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বিশেষভাবে লক্ষণীয়। নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যয়ে ভোটাররা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। সংশ্লিষ্ট বৈঠকে শপথের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তটি সফলভাবে সম্পন্ন করতে প্রোটোকল, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবাসুবিধা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সচিবালয়।