রাজশাহীতে দিনদুপুরে বিএনপিকর্মীকে কুপিয়ে জখম
রাজশাহীর চারঘাট উপজেলায় দিন-দুপুরে বিএনপির এক কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত ব্যক্তির নাম বিরাজ আলী (৪৭)। চারঘাটের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা তিনি। বুধবার দুপুর ২টার দিকে রামচন্দ্রপুর গ্রামেই রাস্তার ওপর তার ওপর হামলার ঘটনা ঘটে।
রামচন্দ্রপুর গ্রামে বিরাজ আলীর একটি দোকান আছে। এর পাশে তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদের একটি নির্বাচনী কার্যালয় চালান। বিরাজ আলী ইউনিয়ন বিএনপির সদস্য বলে তিনি হাসপাতালে সাংবাদিকদের জানিয়েছেন।
দুর্বৃত্তের হামলায় তার হাতে ও পায়ে গুরুত্বর জখম হয়েছে। তাকে স্থানীয়রা প্রথমে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে আনার পর তার হাতে ও পায়ে অস্ত্রোপচার করা হয়। তিনি এখন হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘বিরাজ আলীর দুই পায়ে হাঁটুর নিচে এবং দুই হাতে ধারালো অস্ত্রের জখম ছিল। আমাদের চিকিৎসক অর্থোপেডিক্স চিকিৎসক ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পরবর্তীতে একটি অস্ত্রোপচার করা হয়েছে। তার শারীরীক অবস্থা স্থিতিশীল।’
হাসপাতালের বিছানায় শুয়ে বিরাজ আলী বলেন, ‘ঘটনার ব্যাপারে আমি কিছুই বুঝতে পারি না। ঘাস কাইটি যাচ্ছিলাম সাইকেল লিয়া। এক লোক জামায়াত-শিবির করে, লোক দেখি বুঝা গেল। হেলমেট মাথার মধ্যি ঢুকাল, আমি মুনে করছি একা খালি হাতে দাঁড়া আছে। আমি যাচ্ছি। যাতি লাগলেই হঠাৎ করি সাইকেলের ওপর বাড়ি মারল। আমি পড়ি গেলাম। এরপর কুপায় যাচ্ছে, আমি ঠেকায় যাচ্ছি। ঠেকাতে ঠেকাতে হাত কাইটি গেছে। তারপর পা কুপাইতে শুরু করিছে। লোকজন আসার পরে মোটরসাইকেল টান দিয়ি চলি গেছে।’
কারা এই হামলা করতে পারে, জানতে চাইলে তিনি বলেন, ‘এরা জামাতের-শিবিরের লোক ছাড়া কেউ করেনি। আমার ছোটখাট দোকান আছে, ব্যবসাপাতি করি। আমার দোকানে আবু সাঈদ চাঁদের ব্যানার লাগাইছি। দু’দশজন ছেলি লিয়া একটা ভোটের অফিস চালাই।’
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আইয়ুব আলী বলেন, ‘ঘটনা শুনেছি। উনি ভালো মানুষ। নির্ঝঞ্চাট মানুষ হিসেবে পরিচিত। মুখ বেঁধে কে বা কারা এ ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনোভাবেই জড়িত না। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই। আমরা প্রশাসনকে বলেছি দোষী ব্যক্তিকে খুঁজে বের করতে। আপনাদেরও বলছি। দোষী ব্যক্তিকে খুঁজে আইনের আওতায় আনা হোক।’
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনা কেন্দ্র করে এলাকায় কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’