রাজশাহীতে ট্রাকে গান গেয়ে বিএনপির পক্ষে সাবেক যুবদলের ব্যতিক্রমধর্মী প্রচারণা

Former Jubo Dal's exceptional campaign for BNP
নিজস্ব প্রতিবেদক: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩১ অপরাহ্ন জাতীয়
নিজস্ব প্রতিবেদক: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩১ অপরাহ্ন
রাজশাহীতে ট্রাকে গান গেয়ে বিএনপির পক্ষে সাবেক যুবদলের ব্যতিক্রমধর্মী প্রচারণা
রাজশাহী-০২ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে ব্যতিক্রমধর্মী প্রচারণা চালিয়েছে রাজশাহী মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-০২ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে ব্যতিক্রমধর্মী প্রচারণা চালিয়েছে রাজশাহী মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দ।

আজ শনিবার বিকেলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাকে করে গান পরিবেশনের মাধ্যমে এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।

বিকেলে নগরীর তালাইমারী মোড় থেকে শুরু হয়ে বিনোদপুর বাজার, ভদ্রা মোড়, নওদাপাড়া বাজার, লক্ষ্মীপুর মোড়, কাশিয়াডাঙ্গা মোড়সহ নগরীর বিভিন্ন মোড় ও জনবহুল এলাকায় এ প্রচারণা অনুষ্ঠিত হয়।

গান ও স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

এ সময় রাজশাহী মহানগর যুবদলের সাবেক নেতা শফিক আহমেদ হাসি বলেন, ‘মিজানুর রহমান মিনু একজন পরীক্ষিত নেতা। রাজশাহীর উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই। যুবসমাজ ধানের শীষের পক্ষেই ঐক্যবদ্ধ’ শাহানুর ইসলাম মিঠু বলেন, ‘গান ও সাংস্কৃতিক প্রচারণার মাধ্যমে আমরা মানুষের ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে চাই। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।’

এসময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক নেতা শাহিদ হাসান ভুট্টো, রফিকুল ইসলাম সদর, ফেরদৌস ওয়াহেদ রনি, মোহাম্মদ সাবের আলী, মোহাম্মদ শামসুল আলম সেলিম, হাসান তারেক লিটন, শহিদুল ইসলাম, নূরে আলম সিদ্দিক সেলিম, তৌহিদুল ইসলাম সেলিম, সোহেল আতাহার, আলমগীর কবির রঞ্জু, আব্দুল কুদ্দুস ডলার, তোফাজ্জল হোসেন বাবু, আশরাফুল হক আশরাফ, আখতার জাহান, সেলিম আহমেদ শাকুর, আব্দুস সোবহানসহ আরও অনেক নেতাকর্মী।

নেতৃবৃন্দ জানান, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, ততই এ ধরনের গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম আরও জোরদার করা হবে।