পারিবারিক বিরোধের অভিযোগ

বদলগাছীতে পেয়ারা গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Housewife's hanging body recovered
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন
বদলগাছীতে পেয়ারা গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পেয়ারা গাছ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার; পারিবারিক বিরোধের অভিযোগ। ছবি: বিজয় বাংলা

নওগাঁর বদলগাছী উপজেলায় নুপুর (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মিঠাপুর ইউনিয়নের খামার পুকুরপাড় এলাকায় তাঁর বাবার বাড়ির আঙিনায় একটি পেয়ারা গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


নিহত নুপুর মিঠাপুর ইউনিয়নের খামার পুকুরপাড় গ্রামের বাবু শাহ হোসেনের মেয়ে। তিনি আগের পক্ষের একটি ৯ বছর বয়সী কন্যাসন্তানের জননী ছিলেন।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬–৭ মাস আগে একই ইউনিয়নের মিঠাপুর বওলাপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে শাহারিয়া বর্ষা (৩২)-এর সঙ্গে নুপুরের বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক মতবিরোধের কারণে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।


স্থানীয় সূত্রে আরও জানা যায়, শাহারিয়া বর্ষার সঙ্গে এর আগে নোটারি পাবলিকের মাধ্যমে একটি বিয়ে হয়েছিল। ওই বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের ঘটনা ঘটে এবং একপর্যায়ে স্থানীয়ভাবে আপসের মাধ্যমে ছাড়াছাড়ি হয় বলে দাবি করা হয়। পরবর্তীতে প্রায় ৬–৭ মাস আগে নুপুর পুনরায় শাহারিয়া বর্ষার সঙ্গে বিয়ে করেন।


নিহতের পরিবার অভিযোগ করে জানায়, গত সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নুপুরের শ্বশুর দুলাল হোসেন (৬০), শাশুড়ি দিনা বেগম (৫০) ও খালা শাশুড়ি বিলকিস (৪৫) নুপুরের বাবার বাড়িতে এসে তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাকে মারধর করে চলে যান বলে অভিযোগ রয়েছে। ওই রাতে নুপুর তার মায়ের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।


নিহতের মা আন্জুয়ারা বেগম (৫২) জানান, রাত আনুমানিক ৩টার দিকে ঘুম ভেঙে মেয়েকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উঠানে পেয়ারা গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় নুপুরকে দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও ততক্ষণে নুপুরের মৃত্যু হয়।


এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।