Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
২০ অক্টোবর ২০২৬
০৩:১৫ অপরাহ্ন

সরকার সবাইকে নিয়ে এগোতে চাইলেও একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:- Tarique Rahman

সরকার যখন দেশের সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাইছে, একটি মহল তখন নানাভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে তা রাজপথে নয়, বরং জাতীয় সংসদে তুলে ধরা উচিত।


​মঙ্গলবার শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

​প্রধানমন্ত্রী বলেন, “কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি, সরকার সবাইকে সাথে নিয়ে যে জাতীয় ঐক্য গড়ে তুলতে চাচ্ছে, একটি মহল তাতে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।


​অতীতে দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “অতীতে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু দেশের সচেতন জনগণ তা মেনে নেয়নি। একইভাবে চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকেও কোনো কোনো মহল বিতর্কিত করার চেষ্টা করছে।”

​গণতন্ত্রকামী জনগণের পক্ষ থেকে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “আমি দেশের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে বলতে চাই—দয়া করে চব্বিশের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানকে আপনারা কেউ বিতর্কিত করবেন না।


​যেকোনো দাবি বা মতামত আলোচনার টেবিলে আনার ওপর জোর দিয়ে সরকারপ্রধান বলেন, জনগণ প্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠায় দেশের কথা বলার জন্য। সংসদই যেকোনো গঠনমূলক বিতর্ক ও আলোচনার উপযুক্ত স্থান, যেখান থেকে রাষ্ট্র ও জনগণের কল্যাণে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব।


​নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ নির্বিশেষে দেশের সকল নাগরিকের সরকারের দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে পুরো দেশের সরকার হতে চায়—যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা দেননি, সরকার প্রত্যেকের অধিকার রক্ষায় সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”


​রংপুর অঞ্চলের সুষম উন্নয়নের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী রংপুর মহানগরীর সার্বিক উন্নয়নে সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে।


​এ ছাড়া স্থানীয় সরকার কাঠামোর মাধ্যমে রংপুর জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে সেতু, কালভার্ট, বিদ্যালয় ও কলেজসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। উন্নয়নমূলক কার্যক্রম ত্বরান্বিত করতে রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news