
পঞ্চগড় বোদা উপজেলায় দুর্গাপূজার নিরাপত্তায় ৯৬টি দুর্গা পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন ৬২৮ জন আনসার ও ভিডিপি সদস্য। সদস্যরা পালাক্রমে দিন-রাত দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা।
জানা জেছে, পুরুষ আনসার ও ভিডিপি সদস্যরা সাত দিন এবং নারী আনসার ও ভিডিপি কর্মীরা ছয় দিনব্যাপী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে দায়িত্বে রয়েছেন ৪৩৬ জন পুরুষ ও ১৯২ জন নারী আনসার-ভিডিপি সদস্য। তাঁরা নিজ নিজ পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন।
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক অমলেন্দু সাঁজোয়া এবং উপজেলা প্রশিক্ষিকা মোছা. করিমন নেছা জানান, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে সদস্যদের।
বোদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হারুন অর রশীদ জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন।