রাজশাহীর চারঘাট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে 'নাগরিক টিভি'র চারঘাট প্রতিনিধি ওবায়দুল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক হিসেবে 'দৈনিক ভোরের ডাক'-এর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চারঘাট সারদা বাজারস্থ একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত সাধারণ সভায় এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি ওবায়দুল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ১১ জন সদস্যের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় চারঘাট উপজেলায় কর্মরত পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকদের পর্যায়ক্রমে সংগঠনের অন্তর্ভুক্তি ও সার্বিক কল্যাণে একযোগে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি ইসমাইল হক ('কান্ট্রি টুডে'), যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সম্রাট ও অর্থ সম্পাদক মনিরুজ্জামান। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মেহেদি হাসান ও হৃদয়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ যুক্ত রয়েছেন।
সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি ওবায়দুল ইসলাম রবি বলেন, "উপজেলায় একাধিক সাংবাদিক সংগঠন থাকতে পারে, এটি নেতিবাচক আলোচনার বিষয় নয়। দিনশেষে আমরা সকলেই গণমাধ্যমকর্মী— এটিই আমাদের মূল পরিচয়।" চারঘাটে কর্মরত সকল সাংবাদিকের সাথে পেশাগত সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।