Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
১৮ অক্টোবর ২০২৬
০৬:১১ অপরাহ্ন

শারদীয় দুর্গোৎসবে আসছেন প্রধানমন্ত্রী: রাজশাহীকে ঘিরে মেগা মহাপরিকল্পনা

আবুল কালাম আজাদ, ​রাজশাহী: Chief Minister

বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে যাচ্ছে উত্তরবঙ্গের প্রাচীন নগরী রাজশাহী। এই প্রথমবারের মতো দেশের কোনো সরকারপ্রধান শারদীয় দুর্গোৎসব উদযাপন দেখতে রাজধানীর বাইরে রাজশাহীতে আসছেন। 


প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে উৎসবের মেজাজ বিরাজ করছে বিএনপি নেতাকর্মীসহ পুরো পদ্মাপাড়ের সাধারণ মানুষের মাঝে। সরকারপ্রধানের এই আগমন কেবল উৎসবের আমেজেই সীমাবদ্ধ থাকছে না, বরং থমকে থাকা মেগাসিটি প্রজেক্টসহ ঝুলে থাকা একগুচ্ছ উন্নয়ন প্রকল্পে নতুন গতির হাওয়া বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।


​রবিবার (১৮ অক্টোবর) দুপুরে সফরস্থল নগরীর ঐতিহাসিক হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ (মাদ্রাসা মাঠ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য নিশ্চিত করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।


​রাসিক প্রশাসক বলেন, “বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনের উদ্দেশ্যে রাজশাহীতে আসছেন। এই ঐতিহাসিক ও দূরদর্শী সিদ্ধান্তের জন্য আমরা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর ধন্যবাদ ও সর্বান্তকরণে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি মহানগরবাসীর মধ্যেও নজিরবিহীন উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।”


​নগরীর চলমান ও ভবিষ্যৎ অবকাঠামোগত পরিকল্পনার খতিয়ান তুলে ধরে তিনি জানান, বর্তমান বিএনপি সরকার সাধারণ মানুষের সরকার। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কর্মযজ্ঞ চলছে, তার ধারাবাহিকতায় রাজশাহীতেও বিস্তৃত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

​এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো

​চার লেনের মহাসড়ক: বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের আধুনিক সড়ক নির্মাণ।

​সড়ক সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধন: কুমারপাড়া গুলগফুর পেট্রোল পাম্প থেকে বড়কুঠি ও বরেন্দ্র জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ।

​ক্রীড়া অবকাঠামো: নগরীর ৩০টি ওয়ার্ডেই স্থানীয় যুবসমাজের জন্য খেলার মাঠের আধুনিকায়ন ও আধুনিক ফুটসাল গ্রাউন্ড নির্মাণ।

​নাগরিক সেবা ও বিনোদন: বয়স্ক নাগরিকদের স্বাচ্ছন্দ্যের জন্য আধুনিক ‘সিনিয়র সিটিজেন পার্ক’ নির্মাণ অন্যতম।


​রাসিক প্রশাসক আরও উল্লেখ করেন, অতীতে বিএনপি সরকারের আমলেই রাজশাহীতে স্কুল-কলেজ, রাস্তাঘাট ও রেলস্টেশনসহ মূল মৌলিক অবকাঠামোগত ভিত্তি তৈরি হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নগরীতে সেবা নিশ্চিত করতে ফের পুরোদমে কাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে থাকা হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে এবং মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন অব্যাহত রয়েছে।


​প্রস্তুতি ও নিরাপত্তা তদারকি:

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি তদারকি করা হচ্ছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত ও রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

​একই সময়ে মাঠের সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনা করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান এবং রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news