আসন্ন শারদীয় দুর্গাপূজা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাজশাহী সফরকে কেন্দ্র করে রাজশাহী শহরস্থ রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেছেন বিজিবি ১ ব্যাটালিয়নের অধিনায়ক।
শনিবার (১৭ অক্টোবর) রাজশাহী বিজিবি ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি ব্যক্তিগতভাবে নগরীর ঐতিহাসিক রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। একই সাথে মণ্ডপে পূজা উদযাপনের প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। মতবিনিময়কালে বিজিবি অধিনায়ক স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন, ধর্মীয় উৎসব যেন সম্পূর্ণ উৎসবমুখর, আনন্দঘন ও নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সেজন্য বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা ও প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
আগামী ২০ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে পূজামণ্ডপ ও তার আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তায় নিয়োজিত বিজিবি, পুলিশ এবং আনসার সদস্যদের সাথে কথা বলেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সংস্থার মধ্যে সমন্বয় রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের ওপর জোর দেন তিনি।