Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩০ আগস্ট ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি নিয়ে জেলা পর্যায়ে সংলাপ

স্টাফ রিপোর্টার: District-level dialogue on climate and environmental risks

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণের লক্ষ্যে রাজশাহীতে জেলা পর্যায়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সুশীল সমাজ সংগঠনের (সিএসও) গণতান্ত্রিক সংলাপ ও যৌথ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার (৩০ আগস্ট) ইউসেপ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ-এর আর্থিক সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত “জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে (এনগেজ)” প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।


গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মোঃ কবীর হোসেন। 


প্রধান অতিথি মোঃ কবীর হোসেন পরিবেশগত সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি পরিবেশ দূষণের অভিযোগের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী পরিদর্শন, মনিটরিং এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।


রাজশাহী জেলা সুশীল সমাজ সংগঠনের সভাপতি তানিয়া ভট্টাচার্য এর সভাপতিত্বে এবং ইনগেজ প্রকল্প কর্মকর্তা মাসুদা খানম এর সঞ্চালনায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশন রাজশাহীর প্রকল্প সমন্বয়কারী রুহুল আমীন, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার  কাজী নাজমুল ইসলাম, সামাজিক কল্যাণ সংস্থার পরিচালক রায়হান সম্রাট।


উপস্থিত ছিলেন আদিবাসী নেতা বিমল রাজোয়াড়, ইনগেজ প্রকল্প কর্মকর্তা ফিরোজা খানমসহ রাজশাহী জেলা, তানোর ও গোদাগাড়ী উপজেলার সুশীল সমাজের সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও পরিবেশবাদী কনটেন্ট ক্রিয়েটরগন।


সংলাপে বক্তারা রাজশাহীর বারণই নদীতে বর্জ্য ও শিল্পকারখানার দূষিত পানি ফেলা, তানোরের পোল্ট্রি ফার্ম, কোল্ড স্টোরেজ ও ফার্ম থেকে দুর্গন্ধ, গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নের পোল্ট্রি ফার্মের বর্জ্য, হাটবাজারের বর্জ্য, শিল্পকারখানার বর্জ্য যেখানে সেখানে ফেলার কারণে মশার উপদ্রব এবং পরিবেশগত ঝুঁকি সহ বৃক্ষরোপণ কর্মসূচি, জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ইটভাটা স্থাপন এবং কৃষিজমি থেকে টপসয়েল অপসারণ ও বিক্রি এবং কৃষিজমির এলাকায় অপরিকল্পিত শিল্পকারখানা স্থাপনসহ বিষয়েও আলোচনা হয়।


সংলাপের শেষে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, স্থানীয় পরিবেশগত সমস্যা চিহ্নিতকরণ, সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় বৃদ্ধি, বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পরিবেশগত মানবাধিকার সুরক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়ে বিভিন্ন সুপারিশ ও করণীয় নির্ধারণ করা হয়।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news