Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৯ জুলাই ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

অনলাইন ডেস্ক Warning issued for US citizens

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনা এবং যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির আশঙ্কায় বিশ্বজুড়ে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 

রোববার (১৮ জুলাই) প্রকাশিত এক জরুরি বার্তায় বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল রূপ ধারণ করেছে এবং যেকোনো সময় এর আরও অবনতি ঘটতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের নিয়মিত খবরাখবর রাখার এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার আহ্বান জানানো হয়েছে। 

সতর্কবার্তায় স্পষ্ট করা হয়েছে যে শুধু মধ্যপ্রাচ্যই নয়, বিশ্বজুড়ে মার্কিন নাগরিক ও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখন উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠী বিশ্বের যেকোনো স্থানে আমেরিকানদের বা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত স্থাপনাকে লক্ষ্যবস্তু বানাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বাইরেও বেশ কিছু মার্কিন কূটনৈতিক মিশন হামলার ঝুঁকিতে পড়েছে।

এই পরিস্থিতির কারণে বিমান চলাচল আকস্মিক বাতিল হওয়া কিংবা আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে, যা আন্তর্জাতিক ভ্রমণে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। এ অবস্থায় বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে দেওয়া নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য ও নিরাপত্তা আপডেট পেতে মার্কিন নাগরিকেরা যেন ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’-এ নিজেদের নাম নিবন্ধন করেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপের ‘ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট - সিকিউরিটি আপডেটস ফর ইউএস সিটিজেনস’ চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ‘@TravelGov’ হ্যান্ডেলটি অনুসরণ করতে বলা হয়েছে। যেকোনো দেশে ভ্রমণের পরিকল্পনা করার আগে ভ্রমণকারীদের ‘travel.state.gov/destination’ ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট দেশের বিস্তারিত ভ্রমণ নির্দেশিকা ও সাম্প্রতিক সতর্কবার্তাগুলো ভালোভাবে দেখে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: ইউএস স্টেট ডিপার্টমেন্ট

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news