Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৫ জুলাই ২০২৬ | ১০:৩৯ পূর্বাহ্ন

জাতীয় স্টার্টআপ প্রতিযোগিতায় রুয়েটের ‘চর্চা’র অনন্য সাফল্য, পেল ১০ লাখ টাকার অনুদান

রুয়েট প্রতিনিধি ১৫ জুলাই ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের হাত ধরে গড়ে ওঠা শিক্ষাপ্রযুক্তিভিত্তিক (এডটেক) স্টার্টআপ ‘চর্চা’ জাতীয় পর্যায়ের ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ প্রতিযোগিতায় ১০ লাখ টাকার অনুদান অর্জন করে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও সম্ভাবনাময় স্টার্টআপকে উৎসাহিত করতে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের সেরা উদ্যোগগুলোর মধ্যে জায়গা করে নেয় রুয়েটের এই স্টার্টআপ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি বিজয়ী স্টার্টআপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফও উপস্থিত ছিলেন। তিনি বলেন, "চর্চাসহ অন্যান্য স্টার্টআপের চ্যালেঞ্জগুলো ভিন্ন। সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে এবং আশা করছি, তা তাদের আরও এগিয়ে যেতে সহায়তা করবে।"

এ বছরের প্রতিযোগিতায় সারা দেশ থেকে মাত্র ছয়টি স্টার্টআপ ১০ লাখ টাকার অনুদান লাভ করে। এছাড়া ১৫টি স্টার্টআপ উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনের জন্য স্টল স্থাপনের সুযোগ পায় এবং চারটি স্টার্টআপ জাতীয় মঞ্চে নিজেদের সফলতার গল্প তুলে ধরার সুযোগ অর্জন করে। উল্লেখযোগ্য বিষয় হলো, চর্চাই ছিল একমাত্র স্টার্টআপ, যা স্টল প্রদর্শন, অনুদান অর্জন এবং সফলতার গল্প উপস্থাপন-এই তিনটি ক্ষেত্রেই নির্বাচিত হয়ে বিরল কৃতিত্ব অর্জন করেছে।

২০২১ সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় অনুশীলনের সীমাবদ্ধতা অনুভব করে রুয়েটের শিক্ষার্থী রায়হান উল ইসলাম ‘চর্চা’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে তাঁর সহপাঠী নাফিস রায়হান পিয়াল বিপণন বিভাগের প্রধান এবং আসাদুল্লাহ আল তাবির পরিচালন বিভাগের প্রধান হিসেবে এই উদ্যোগে যুক্ত হন। বর্তমানে রাজশাহী থেকেই ৫০ জনেরও বেশি সদস্যের একটি দল প্ল্যাটফর্মটির গবেষণা, উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব পালন করছে।

‘চর্চা’ বাংলাদেশের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ব্যক্তিকেন্দ্রিক স্বশিক্ষণ প্ল্যাটফর্ম। এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি এই প্ল্যাটফর্মে রয়েছে ৩০ লাখের বেশি প্রশ্ন, সীমাহীন মডেল পরীক্ষা, তাৎক্ষণিক অনুশীলন, ব্যক্তিগত অগ্রগতি বিশ্লেষণ, মেধাতালিকা এবং এআইনির্ভর শেখার সুবিধা। সম্প্রতি চালু হওয়া ‘চর্চা এআই’ শিক্ষার্থীদের পাঠ্যবইভিত্তিক তথ্যসূত্রসহ উত্তর প্রদান, দুর্বলতা বিশ্লেষণ এবং ব্যক্তিকেন্দ্রিক অনুশীলনের পরামর্শ দেওয়ার সুবিধাও যুক্ত করেছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমানে ‘চর্চা’ অ্যাপের ইনস্টল সংখ্যা ১৫ লাখের বেশি, মাসিক সক্রিয় ব্যবহারকারী পাঁচ লাখেরও বেশি এবং প্রতি মাসে ২০ লাখের বেশি মডেল পরীক্ষা সম্পন্ন হচ্ছে। অল্প সময়েই এটি দেশের অন্যতম জনপ্রিয় পরীক্ষাভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং লাখো শিক্ষার্থীর আস্থা অর্জন করেছে।

চর্চার প্রতিষ্ঠাতাদের ভাষ্য, তাঁদের লক্ষ্য শুধু একটি পরীক্ষার প্রস্তুতির অ্যাপ তৈরি করা নয়; বরং প্রযুক্তিনির্ভর, সহজলভ্য ও সাশ্রয়ী শিক্ষাব্যবস্থার মাধ্যমে দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি নির্ভরযোগ্য ডিজিটাল শিক্ষাসঙ্গী গড়ে তোলা। ভবিষ্যতে আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা সংযুক্ত করে শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর ও ব্যক্তিকেন্দ্রিক করার পরিকল্পনা রয়েছে।

রুয়েট শিক্ষার্থীদের এই অর্জন দেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্টার্টআপ সংস্কৃতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি রুয়েটের উদ্ভাবনী সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীকে প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা হওয়ার পথে অনুপ্রাণিত করবে।


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের হাত ধরে গড়ে ওঠা শিক্ষাপ্রযুক্তিভিত্তিক (এডটেক) স্টার্টআপ ‘চর্চা’ জাতীয় পর্যায়ের ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ প্রতিযোগিতায় ১০ লাখ টাকার অনুদান অর্জন করে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে।