Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১১ জুলাই ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ Alhaj Farhad Hossain Azad

জেনারেল শিক্ষার পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি। তিনি উল্লেখ করেন, বর্তমান যুগে কেবল পুঁথিগত বিদ্যার ওপর নির্ভর না করে বাস্তবমুখী ও কারিগরি দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি।

শনিবার (১১ জুলাই) দুপুরে বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ চত্বরে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে আয়োজিত এক শিক্ষক-কর্মচারী সমাবেশে এ কথা বলেন তিনি।

বোদা উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট এই সমাবেশের আয়োজন করেন।


প্রতিমন্ত্রী বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষা প্রদানের ক্ষেত্রে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষা দিয়ে ভালো ফলাফল উপহার দিন, যাতে সরকার আপনাদের প্রতিষ্ঠান ও চাকরি জাতীয়করণ করতে বাধ্য হয়।

বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোদা উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পঞ্চগড় জেলা সভাপতি আলহাজ্ব মো. তোয়াবুর রহমান এবং ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি তাজউদ্দীন তাজু প্রমুখ।

এর আগে ফুলের তোড়া দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে বরণ করে নেন বোদা উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের শিক্ষক প্রতিনিধি দল। এ সময় আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ অত্যন্ত ধৈর্য ও গুরুত্বের সঙ্গে শিক্ষকদের বক্তব্য শোনেন।

অন্যান্যের মধ্যে বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, দেলোয়ার হোসেন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু সহ জেলা ও উপজেলার শিক্ষক-কর্মচারী ঐক্যজোট শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বোদা উপজেলা শাখার পক্ষ থেকে শিক্ষকরা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রতিমন্ত্রীর কাছে পেশ করেন এবং জাতীয়করণের পক্ষে তাদের যৌক্তিক বক্তব্য তুলে ধরেন।


 

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news