টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়ে কক্সবাজার জেলার অনেক এলাকা। ঘরবাড়ি ও স্কুল কলেজ মাদ্রাসা ডুবে যায়। ক্ষতি হয় ব্যাপক চাষাবাদ, পানবরজ, চিংড়ি ঘের ও মৎস্য প্রজেক্ট।
জুমাবার ১০ জুলাই জেলা প্রশাসক মো: আ: মান্নান বিগত ৬-৭ দিনের ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতায় আক্রান্ত কক্সবাজার সদর উপজেলার মধ্যম মুহুরীপাড়া এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের গনি সওদাগর পাড়াসহ কয়েকটি গ্রাম পরিদর্শন করেন। এসময় তিনি এই স্থানগুলোতে অবস্থিত ৩টি জরুরি আশ্রয়কেন্দ্রও পরিদর্শন করেন। তিনি পানিবন্দি পরিবারগুলোর সদস্যদের সাথে কথা বলেন, বিভিন্ন সমস্যার কথা শোনেন।
তিনি বলেন, জেলার সকল সুইচ গেট পানি প্রবাহের জন্য খুলে দেয়া হয়েছে, ৬৪০টি আশ্রয়কেন্দ্র বিভিন্ন উপজেলায় প্রস্তুত রয়েছে। বিভিন্ন উপজেলায় যথেষ্ট ত্রাণ মজুদ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসারগণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আক্রান্ত মানুষজনকে দ্রুত সহযোগিতা প্রদানের জন্য জেলা ও উপজেলা কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু রয়েছে।
জেলা প্রশাসক পানিবন্দি এবং দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার, রামু উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা উপস্থিত ছিলেন।