Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
০৭ জুলাই ২০২৬
১২:১৩ অপরাহ্ন

আপনার ইচ্ছা মতো কথা বলবে অ্যাপলের সিরি

অনলাইন ডেস্ক Apple's Siri will speak to you as you wish

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার সহকারী হিসেবে গড়ে তুলতে নতুন সুবিধা যুক্ত করছে অ্যাপল। সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণে ব্যবহারকারীরা এখন সিরির কথা বলার গতি এবং কণ্ঠের আবেগের মাত্রা নিজেদের পছন্দমতো পরিবর্তন করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, আইওএস ২৭–এর তৃতীয় বেটা সংস্করণে এ সুবিধা চালু করা হয়েছে। আগে এই নিয়ন্ত্রণ ব্যবস্থার পাশে ‘শিগগিরই আসছে’ বার্তা দেখা গেলেও, এখন এটি ব্যবহার করা যাচ্ছে।

নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা শুধু নারী বা পুরুষ কণ্ঠই নয়, বিভিন্ন উচ্চারণের কণ্ঠও বেছে নিতে পারবেন। পাশাপাশি সিরি কত দ্রুত কথা বলবে এবং তার কণ্ঠে কতটা মানবিক আবেগ প্রকাশ পাবে, সেটিও নিয়ন্ত্রণ করা যাবে। পরিবর্তনের সময় সিরি কয়েকটি পরিচিত বাক্য শুনিয়ে নতুন কণ্ঠস্বর কেমন শোনাবে, তার নমুনাও দেখাবে।

সিরিকে আরো স্বাভাবিক ও ব্যক্তিকেন্দ্রিক করে তুলতে ধাপে ধাপে এআইভিত্তিক নতুন প্রযুক্তি যুক্ত করছে অ্যাপল। এর মাধ্যমে ব্যবহারকারীদের জন্য আরও উন্নত ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি।

এর আগে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন এআই সেবায় কণ্ঠস্বরের ধরন, কথার ভঙ্গি, আন্তরিকতা কিংবা পেশাদারিত্ব পরিবর্তনের সুযোগ ছিল। এবার সেই তালিকায় আরো শক্ত অবস্থান তৈরি করতে নতুন সুবিধা নিয়ে এসেছে অ্যাপল।

নতুন সংস্করণে সিরির সঙ্গে যোগাযোগের একাধিক পদ্ধতিও যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা কথা বলে, পর্দায় লিখে, পাশের বোতাম চেপে কিংবা আলাদা সিরি অ্যাপ ব্যবহার করেও সহকারীকে নির্দেশ দিতে পারবেন।

এ ছাড়া নতুন সংস্করণে রিমাইন্ডারস অ্যাপের আইকনেও পরিবর্তন আনা হয়েছে। তবে কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, হালনাগাদের পর তাদের কারও কারও ফোনে নতুন সিরি সাময়িকভাবে অদৃশ্য হয়ে গেছে। আবার কারও ফোনে তথ্য নতুন করে সাজানোর কাজ শুরু হয়েছে, যা এআইভিত্তিক অনুসন্ধান সুবিধা চালুর প্রস্তুতির অংশ বলে ধারণা করা হচ্ছে।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news